ট্রাম্পের বিরুদ্ধে মামলা লড়া ডজনখানেক আইনজীবী বরখাস্ত | Daily AjKaler Kontho

ট্রাম্পের বিরুদ্ধে মামলা লড়া ডজনখানেক আইনজীবী বরখাস্ত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৮, ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন
ট্রাম্পের বিরুদ্ধে মামলা লড়া ডজনখানেক আইনজীবী বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্টের প্রেসিডেন্ট হওয়ার আগে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দায়েরকৃত ফৌজদারি মামলা পরিচালনায় যুক্ত ১২ জনেরও বেশি আইনজীবীকে বরখাস্ত করা হয়েছে।

গত সোমবার (২৭ জানুয়ারি) এক কর্মকর্তার বরাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

বিচার বিভাগের ওই কর্মকর্তা বলেছেন, ট্রাম্পের মনোনীত এবং ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জেমস ম্যাকহেনরির সিদ্ধান্তে এই পদক্ষেপ নেওয়া হয়। ওই আইনজীবীরা যেহেতু ট্রাম্পের মামলায় মুখ্য ভূমিকা পালন করেছিলেন, তাই প্রেসিডেন্টের অ্যাজেন্ডা বাস্তবায়নে তারা নির্ভরযোগ্য হবেন বলে বিশ্বাস করেন না ম্যাকহেনরি। তাই তাদের বরখাস্ত করা হয়েছে।

ট্রাম্পের বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলা পরিচালনায় বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথের সঙ্গে কাজ করছিলেন চাকরিচ্যুত আইনজীবীরা। তবে, নভেম্বরে ট্রাম্প জয়লাভ করলে মামলাগুলো বাতিল করে দেয় বিচার বিভাগ। আর চলতি মাসে পদত্যাগ করেছেন স্মিথ।

আইনজীবীদের জন্য ইস্যু করা ইস্তফাপত্রের একটি অনুলিপি রয়টার্স যাচাই করে দেখেছে। বরখাস্ত করার পক্ষে সাফাই গেয়ে চিঠিতে ম্যাকহেনরি উল্লেখ করেছেন, মার্কিন সংবিধান অনুযায়ী ট্রাম্পের ক্ষমতা প্রধান নির্বাহীর সমতুল্য।

চার বছর হোয়াইট হাউজের বাইরে থাকাকালীন সময়ে আইনি উপায়ে ট্রাম্পকে কাবু করার চেষ্টা করা হয়েছিল। সেই ব্যক্তিদের একহাত দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন ট্রাম্প ও তার সমর্থকরা। সোমবারের ঘটনায় প্রমাণ হলো, হুমকি বাস্তবায়নে পিছপা হবে না প্রশাসন।

ট্রাম্পকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করে বক্তন্য দিয়েছিল বিচার বিভাগ। ফলে, তাদের প্রতি ট্রাম্প ও তার সমর্থকদের আদায়-কাচকলায় সম্পর্ক হওয়াটা অস্বাভাবিক নয়।

ট্রাম্পের বিরুদ্ধে ফ্লোরিডার ব্যক্তিগত ক্লাবে গোপন নথি রাখার ও ২০২০ সালের নির্বাচনের ফলাফল প্রত্যয়নে হস্তক্ষেপের অভিযোগে মামলা করেছিলেন স্মিথ। ট্রাম্প এসব অভিযোগ অস্বীকার করে বলেছিলেন, এসব মামলা আইন ব্যবস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহারের উদাহরণ।