পুলিশের স্বল্পতা নেই, উদ্যামের ঘাটতি আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা | Daily AjKaler Kontho

পুলিশের স্বল্পতা নেই, উদ্যামের ঘাটতি আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৬, ২০২৫, ২:০৩ অপরাহ্ন
পুলিশের স্বল্পতা নেই, উদ্যামের ঘাটতি আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আজকালের কন্ঠ ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশের স্বল্পতা নেই, সংগত কারণেই উদ্যোমের কিছটা ঘাটতি রয়েছে। তবে পরিস্থিতির উন্নয়নে পুলিশসহ বিভিন্ন সংস্থা নিরলসভবে কাজ করছে।

আজ রোববার বেলা ১১টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার প্রাঙ্গণে জরুরি সেবা (হটলাইন) ০৯৬১২০২১৬৯০ নম্বর উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল, কারা উপমহাপরিদর্শক (ঢাকা বিভাগ) মো. জাহাঙ্গীর কবির, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার ও জেলার একেএএম মাসুম প্রমুখ।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হটলাইন নম্বরের মাধ্যমে বন্দির অবস্থান, হাজিরার তারিখ, সাক্ষাতের তারিখ, ফোনে কথা বলার তারিখ, বন্দির শারীরিক অবস্থা ও প্যারোলে মুক্তি সংক্রান্ত তথ্য জানা যাবে।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা কারা প্রাঙ্গণে পৌঁছলে কারারক্ষীদের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এরপর তিনি কারাগারের ভেতরে পরিদর্শনে যান।

পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারের পরিবেশ ভালো। বন্দিদের সুযোগ-সুবিধাও ভালো। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া ৭০০ মতো বন্দি এখনো পলাতক আছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।