তারেক রহমানের সঙ্গে কী কথা হয়েছে, যা বললেন সালাহউদ্দিন | Daily AjKaler Kontho

তারেক রহমানের সঙ্গে কী কথা হয়েছে, যা বললেন সালাহউদ্দিন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৫, ২০২৫, ৫:১৩ অপরাহ্ন
তারেক রহমানের সঙ্গে কী কথা হয়েছে, যা বললেন সালাহউদ্দিন

আজকালের কন্ঠ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানোর পরিবেশ এখনো আমরা তৈরি করতে পারিনি। অনুকূল পরিবেশ হলে শিগগিরই তিনি দেশে ফিরবেন।

প্রায় দুই সপ্তাহের লন্ডন সফর শেষে দেশে ফিরে রোববার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এই সফরে তিনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশ্যই দেশে ফিরবেন। তবে এখনও পর্যন্ত তারেক রহমানের দেশে ফেরার জন্য উপযুক্ত পরিবেশ আমরা তৈরি করতে পারিনি। সেজন্য অল্প কিছু সময় লাগবে।

এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশে বর্তমানে ফ্যাসিবাদবিরোধী যে ঐক্য গড়ে উঠেছে; তার বাস্তবায়নে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের যাওয়া উচিত। জাতীয় ঐক্যের ভিত্তিতে যতদ্রুত সম্ভব নির্বাচনের দিকে যাওয়া উচিত। ভাসা ভাসা সময় না, সবার সঙ্গে আলোচনা করে একটা সঠিক রোডম্যাপ দিতে হবে। নতুন রাজনৈতিক শক্তির উদয় হলে আমরা স্বাগত জানাব। তবে তা কিংস পার্টির মত যেন না হয়।