
আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশি রোগীদের আর চিকিৎসা দেবে না বলে ঘোষণা দিয়েছে কলকাতার একটি হাসপাতাল। তাদের অভিযোগ বাংলাদেশিরা ভারতীয় পতাকা অবমাননা করছে। যদিও একই অভিযোগ রয়েছে বাংলাদেশিদেরও। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বঙ্গীয় হিন্দু জাগরণ নামের কলকাতার একটি হিন্দু সংগঠন বাংলাদেশের জাতীয় পতাকায়ও আগুন দেয়।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতনের অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার মানিকতলার হাসপাতালটির কর্মকর্তা জেএন রায় জানান, বাংলাদেশিরা ভারতীয় পতাকা অবমাননা করছেন, এ জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ভারতীয় নিউজ সংস্থা পিটিআইকে হাসপাতালের আরেক কর্মকর্তা শুভ্রাংশু ভক্ত বলেন, আমরা অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশি রোগীদের আর চিকিৎসা না করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ, তারা ভারতের প্রতি অসম্মান জানিয়েছে।
এদিকে, পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে সহিংস বিক্ষোভ এবং বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে ঢাকা। শুক্রবার (২৯ নভেম্বর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতির মাধ্যমে এ নিন্দা জানানো হয়।
বিক্ষোভকারীরা পুলিশ ব্যারিকেড ভেঙে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সীমানায় পৌঁছায়। তারা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেয় এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে বলে মনে হলেও ডেপুটি হাইকমিশনের সব সদস্যের মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে।
এতে বলা হয়, বাংলাদেশ সরকার জাতীয় পতাকা অবমাননা এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর জঘন্য কাজের তীব্র নিন্দা জানায়। সেই সঙ্গে ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।
আরও বলা হয়, বাংলাদেশ সরকার যেকোনো ধরনের সহিংস কার্যকলাপের নিন্দা করে। একইসঙ্গে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন এবং ভারতে বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনের পাশাপাশি কূটনীতিক এবং অ-কূটনৈতিক সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানায়।
তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। অথচ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে ভারত বিরোধীতা বাড়ছে। আমরা আশা করছি অন্যান্য হাসপাতালগুলোও একই পদক্ষেপ নিবে।
আপনার মতামত লিখুন :