ময়মনসিংহে ভালুকায় সদ্য বহিষ্কৃত বিএনপির নেতার নামে মামলা | Daily AjKaler Kontho

ময়মনসিংহে ভালুকায় সদ্য বহিষ্কৃত বিএনপির নেতার নামে মামলা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩, ২০২৪, ৫:৩৪ অপরাহ্ন
ময়মনসিংহে ভালুকায় সদ্য বহিষ্কৃত বিএনপির নেতার নামে মামলা

মোঃ নাজমুল ইসলাম, ভালুকা প্রতিনিধি : বিএনপির ময়মনসিংহ দক্ষিণ জেলা কমিটির সদ্য বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চুসহ অজ্ঞাতনামা ১৫/২০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগে বিএনপির পক্ষ থেকে ভালুকা থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে।

গতকাল সোমবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় বিএনপির পক্ষে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ভালুকা থানায় এই এজাহার দায়ের করেন।এজাহারে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে এমরান সালেহ প্রিন্স বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে কিছু ব্যক্তি বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কাজে লিপ্ত রয়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ দলীয় নেতৃত্ব এ বিষয়ে সকলকে বার বার সতর্ক করে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসকল অপকর্মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এখন শুধুমাত্র সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নয়, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ারও সিদ্ধান্ত নিয়েছেন।

প্রিন্স আরও বলেন, নেতাকর্মীদের ১৫ বছরের আত্মত্যাগ ও কমিটমেন্ট কিছু ব্যক্তির অপকর্মের জন্য প্রশ্নবিদ্ধ হতে পারে না। তারেক রহমানসহ দলের হাইকমান্ড এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছেন।

গত রোববার (১ সেপ্টেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।