শেখ হাসিনা, শাজাহান খান, নাছিমসহ ৯০ জনের বিরুদ্ধে হত্যা মামলা
আজকালের কণ্ঠ
প্রকাশের সময় : অগাস্ট ২৬, ২০২৪, ৫:৪৫ অপরাহ্ন
এস এম তানবীর ,স্টাফ রিপোর্টার : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাওহীদ সন্নামাত নিহত হওয়ার ঘটনায় শেখ হাসিনা ও আ’লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ ৯০ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচ এম সালাউদ্দিন।
এর আগে রোববার রাতে মামলাটি গ্রহণ করা হয়। মামলার বাদী জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান।
মামলার বিবরণে জানা যায়, গত ১৯ জুলাই মাদারীপুর পৌর শহরের যুব উন্নয়ন অফিসের সামনে ছাত্রলীগ, পুলিশ ও কোটা বিরোধী আন্দোলনকারীদের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সুচিয়ারভাঙ্গা গ্রামের সালাহউদ্দিন সন্নামাতের ছেলে তাওহীদ সন্নামত যোগ দেয়। এ সময় গুলিতে নিহত হয় তাওহিদ। পরে রাতেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন সময় এই বিষয় নিয়ে কথা বলতেও ভয় পেতেন তারা। এ ঘটনায় কামরুল হাসান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় শেখ হাসিনা, মাদারীপুর-২ আসনের সাবেক সাংসদ শাজাহান খান, আরেক সাবেক সাংসদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা-কর্মীদের আসামি করা হয়। এতে অজ্ঞাত আসামি রয়েছে আরো ৫০০ থেকে ৭০০ জন।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচ এম সালাউদ্দিন বলেন, কামরুল হাসান নামে এক ব্যক্তি মামলাটি দিলে রোববার রাতে গ্রহণ করা হয়। এতে ৯০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭০০ আসামি রয়েছে। এখন আইনগত যে ব্যবস্থা তা গ্রহণ করা হবে। মামলার বিষয়টি পুলিশের উর্ধ্বতন মহলও অবগত রয়েছে।
আপনার মতামত লিখুন :