আবেদ আলীকে বের হয়েই যোগাযোগ করতে বললেন বাপ্পি | Daily AjKaler Kontho

আবেদ আলীকে বের হয়েই যোগাযোগ করতে বললেন বাপ্পি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৪, ৬:২৬ অপরাহ্ন
আবেদ আলীকে বের হয়েই যোগাযোগ করতে বললেন বাপ্পি

আজকালের কন্ঠ ডেস্ক : বর্তমানে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে উত্তাল সারাদেশ। দুর্নীতিগ্রস্তদের নিয়ে আলোচনা-সমালোচনা এখন তুঙ্গে। এদিকে এই ঘটনায় অভিযুক্ত সৈয়দ আবেদ আলীকে নিয়ে পোস্ট করেছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। সেখানে অভিনেতার সঙ্গে অভিযুক্ত এই গাড়িচালককে দেখা করতে বলেন তিনি।

বাপ্পির এমন পোস্টে হতবাক নেটিজেনরা। হঠাৎ আবেদ আলীকে কেন দেখা করতে বললেন তিনি? প্রশ্নটি যেন ঘুরপাক খাচ্ছে তার ভক্তদের মাথায়। বাপ্পির সঙ্গে আবেদ আলীর সম্পর্কই বা কী?দুজন একেবারই আলাদা ভুবনের মানুষ। অথচ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে আবেদ আলীকে খুঁজছেন বাপ্পি।

আজ বৃহস্পতিবার (১১ জুলাই) নিজের ফেসবুকে বাপ্পি লিখেছেন, ‘আমি অংকে ফেল করেছিলাম, ওইসময় আবেদ আলী ভাইকে অনেক খুঁজেছিলাম, কোথায় ছিলেন তখন? যাই হোক, ভাগ্যের পরিহাস মেনে নিলাম। তবে ভবিষ্যতে আমি আর কোনো পরীক্ষায় ফেল করব না। আপনি বের হয়েই আমার সঙ্গে যোগাযোগ করবেন।’

পোস্টে বাপ্পির সঙ্গে যোগাযোগের জন্য সোশ্যাল মিডিয়ার কয়েকটি লিংকও দিয়েছেন এই অভিনেতা। তবে বোঝাই যাচ্ছে, মজার ছলেই এমন পোস্ট দিয়েছেন বাপ্পি।প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই পর্দায় দেখা নেই বাপ্পীর। চুক্তিবদ্ধ হননি নতুন কোনো সিনেমাতেও। এমনকি তার অভিনীত প্রায় পাঁচটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় থাকলেও সিনেমাগুলোর মুক্তি অনিশ্চিত বলে জানা গেছে।