এক বছরে লোকসান ১৫২৪ কোটি: রেলমন্ত্রী | Daily AjKaler Kontho

এক বছরে লোকসান ১৫২৪ কোটি: রেলমন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৫, ২০২৪, ১০:০৭ অপরাহ্ন
এক বছরে লোকসান ১৫২৪ কোটি: রেলমন্ত্রী

আজকালের কন্ঠ ডেস্ক : ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ রেলওয়ের ১ হাজার ৫২৪ কোটি টাকা লোকসান হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম।

তিনি বলেন, ২০২২-২৩ অর্থবছরে রেলের আয় ছিল ১ হাজার ৭৮৩ কোটি টাকা আর ব্যয় ছিল ৩ হাজার ৩০৭ কোটি টাকা। এ অর্থ বছরে রেলের মোট লোকসান হয় ১ হাজার ৫২৪ কোটি টাকা। তবে এ ব্যয়ের মধ্যে রেলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, পেনশন ইত্যাদি অন্তর্ভুক্ত ছিল। এছাড়া রেলের পুলিশ, নিরাপত্তা বাহিনী- আরএনবি, স্কুল, হাসপাতালের ব্যয় বাড়ায় রেলের ব্যয় বেড়ে গেছে।

তিনি আরও বলেন, রেলের যাত্রীবাহী ট্রেনের দৈনিক গড় আয় যেখানে সাড়ে তিন লাখ টাকা, সেখানে একটি মালবাহী ট্রেনের গড় আয় প্রায় ৭-৮ লাখ টাকা। তবে ৩৫০ টির অধিক যাত্রীবাহী ট্রেন চলাচল করলেও মালবাহী ট্রেন মাত্র ২০-২৫টি চলাচল করে বিধায় রেলের আয় কিছুটা কম হচ্ছে।

জিল্লুল হাকিম বলেন, দেশের মোট ৬৪টি জেলার মধ্যে ৪৩টি জেলায় রেল সংযোগ রয়েছে। বাকি ২১টি জেলাকে রেল নেটওয়ার্কে যুক্ত করা প্রক্রিয়াধীন।

তিনি জানান, রেলের সেবা আরও আধুনিক করার জন্য বর্তমান সরকারের পরিকল্পনাগুলোর মধ্যে রেলের সক্ষমতা বাড়ানো, রেললাইন পুনর্বাসন ও নতুন রেললাইন নির্মাণ, রোলিং স্টক সংকট নিরসন, বাংলাদেশ-ভারতের মধ্যে নতুন রেলসংযোগ স্থাপন, সিগনালিং ব্যবস্থার আধুনিকায়ন, নতুন ট্রেন চালু করা, রেল ডিজিটালাইজেশন, এছাড়াও ২৮টি নতুন ভবিষ্যৎ পরিকল্পনা নেওয়া হয়েছে।