টিকিট কালোবাজারির সময় রফিকুল গ্রেপ্তার | Daily AjKaler Kontho

টিকিট কালোবাজারির সময় রফিকুল গ্রেপ্তার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৫, ২০২৪, ৮:০২ অপরাহ্ন
টিকিট কালোবাজারির সময় রফিকুল গ্রেপ্তার

আজকালের কন্ঠ ডেস্ক : টিকিট কালোবাজারির সময় ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী মো. রফিকুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১২টি টিকেট, কালোবাজারির ৫ হাজার ১০০ টাকা, দুইটি মোবাইল ফোন, সাধারণ যাত্রীদের এনআইডি ও মোবাইল নাম্বার সম্বলিত একটি তালিকা উদ্ধার করা হয়েছে।

সোমবার ( ৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে রোববার (৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ময়মনসিংহ রেলওয়ে পুলিশ গোপন সংবাদে অভিযান চালিয়ে স্টেশন প্লাটফর্ম থেকে এই বুকিং সহকারীকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে ওসি জানান, গ্রেপ্তার হওয়া এই বুকিং সহকারীর বিরুদ্ধে এর আগেও টিকিট কালোবাজারির অভিযোগে পুলিশের দায়ের করা মামলার সম্পৃক্ততা রয়েছে। জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘ সময় ধরে রেলওয়ের কর্মচারী হয়েও টিকিট কালোবাজারি করে আসছেন। তিনি তার ডিউটিকালীন টিকিট নিতে কাউন্টারে আসা সাধারণ যাত্রীদের মোবাইল নাম্বার ও জাতীয় পরিচয়পত্রের নাম্বার সংগ্রহ করে নিজের কাছে রেখে দিতেন।

এরপর সময় ও সুযোগ বুঝে ওইসব সাধারণ যাত্রীদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নাম্বার ব্যবহার করে বিভিন্ন গন্তব্যের ভিন্ন ভিন্ন ট্রেনের টিকিট কেটে নিজের কাছে রেখে কালোবাজারিদের কাছে সরবরাহ করতেন। পরে এসব টিকিট বিক্রির লভ্যাংশ তিনি তার বিকাশ ও নগদ অ্যাপসের মাধ্যমে নিয়ে নিতেন।