
আজকালের কন্ঠ ডেস্ক : প্রায় ২ বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। সে যুদ্ধে ইতোমধ্যে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। দুই পক্ষই যুদ্ধ চালিয়ে যাচ্ছে। কিন্তু কবে যুদ্ধ শেষ হবে তা কারো ধারণার মধ্যে নেই। তবে এই শীতে যুদ্ধের তীব্রতা বাড়ছে বলে ইঙ্গিত দিয়েছেন অনেক রাজনৈতিক যোদ্ধা। তাদের সে আশঙ্কায় সত্যি হচ্ছে।
জানা যায়, রাশিয়ায় বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলায় সীমান্তবর্তী বেলগোরদে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এ হামলায় আহত হয়েছে অন্তত শতাধিক।
রোববার এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ইউক্রেনে মস্কোর অভিযান শুরুর পর রাশিয়ার অভ্যন্তরে সবচেয়ে বড় হামলার ঘটনা এটি। এ হামলায় হতাহতদের মধ্যে তিন শিশুও রয়েছে।
ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে হামলা। ৭০টির বেশি ড্রোন ছোঁড়া হয়েছে রুশ স্থাপনাকে লক্ষ্য করে। বেলগোরদে ১৩টি মিসাইল ভূপাতিতের দাবি করেছে ক্রেমলিন। এছাড়াও মস্কোসহ আরও কয়েকটি শহরে ধ্বংস করা হয়েছে ৩২টি ড্রোন।
এদিকে ইউক্রেনেও অব্যাহত রয়েছে রুশ বাহিনীর হামলা। খেরসনে আবাসিক ভবনে হামলায় নিহত একজন। খারকিভে মস্কো বাহিনীর ছোঁড়া রকেটে আহত ১৯ জন। এর আগে, শুক্রবার ইউক্রেনের বিভিন্ন শহরে বড় ধরণের হামলা চালায় রাশিয়া। এতে মৃত্যু হয় ৩৯ জনের।
রুশ কর্মকর্তারা বলেছেন, ‘ইউক্রেন গত ২৪ ঘণ্টায় দক্ষিণ-পশ্চিম রাশিয়ার বিভিন্ন স্থানে মারাত্মক বিমান হামলা চালিয়েছে।’
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হামলার বিষয়ে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন তার মুখপাত্র।
আপনার মতামত লিখুন :