শরীয়তপুর জেলায় পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত | Daily AjKaler Kontho

শরীয়তপুর জেলায় পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২৩, ৩:২৫ অপরাহ্ন
শরীয়তপুর জেলায় পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত

(শরীয়তপুর) প্রতিনিধি : মঙ্গলবার (১২ ডিসেম্বর) জেলা প্রশাসকের নির্দেশক্রমে শরীয়তপুরের জাজিরা, ভেদরগঞ্জ, গোসাইরহাট, ডামুড্যা, নড়িয়া উপজেলার বিভিন্ন বাজারে উপজেলার ভূমি কর্মকর্তাসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে বাজারগুলোতে বেশি দামে পেঁয়াজ বিক্রি করা ও মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে ৬ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩ টি মামলায় ৫৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ বলেন, পেঁয়াজ আমদানি বন্ধের খবরে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের মাধ্যমে ভোক্তা হয়রানি বন্ধে ও মূল্য স্বাভাবিক করতে জেলার সকল হাট-বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। বাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি ব্যবসায়ীদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মনে করেন সাধারণ মানুষ। তারা আশা করছেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের ফলে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে।