নড়িয়ায় সন্তানদের নিয়ে নদীতে ঝাঁপ দিলেন মা | Daily AjKaler Kontho

নড়িয়ায় সন্তানদের নিয়ে নদীতে ঝাঁপ দিলেন মা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৩, ৫:০৬ অপরাহ্ন
নড়িয়ায় সন্তানদের নিয়ে নদীতে ঝাঁপ দিলেন মা

আজকালের কন্ঠ ডেস্ক : পারিবারিক কলহের জেরে শিশুসন্তানদের নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন সালমা বেগম (৩০) নামের এক গৃহবধূ।

রোববার (৫ নভেম্বর) শরীয়তপুরের নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নের কীর্তিনাশা নদীতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দুই শিশুসন্তানকে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছেন ওই গৃহবধূ ও তার আরেক সন্তান।

স্থানীয়রা জানান, শনিবার রাতে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কথা-কাটাকাটি হলে সকালে তিন সন্তান সাহাবীর, আনিকা ও জাফরকে নিয়ে কীর্তিনাশা নদীতে ঝাঁপ দেন সালমা। পরে স্থানীয়রা নদী থেকে আনিকা ও জাফরকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান।

খবর পেয়ে নিখোঁজ সালমা বেগম ও তার ছেলে সাহাবীরকে উদ্ধারে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

এদিকে অভিযোগ অস্বীকার করে সালমা বেগমের স্বামী আজবাহার মাদবর দাবি করেন, আমার স্ত্রীর সঙ্গে কারও ঝামেলা ছিল না। কী কারণে ও (সালমা বেগম) আমার বাচ্চাদের নিয়ে নদীতে ঝাঁপ দিয়েছে তা-ও জানি না। কয়েক দিন ধরে ওর মাথায় সমস্যা হয়েছে।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবীব জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি সালমা নামের এক গৃহবধূ পারিবারিক কলহের কারণে তিন শিশুসন্তান নিয়ে নদীতে ঝাঁপ দিয়েছেন। দুই শিশুকে স্থানীয়রা উদ্ধার করতে পারলেও মা ও আরেক সন্তান নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।