স্পোর্টস ডেস্ক : সুপার ফোরের অঘোষিত সেমিফাইনালে আজ মুখোমুখি হবে দুই স্বাগতিক শ্রীলংকা ও পাকিস্তান। জয়ী দল ভারতের বিপক্ষে ফাইনালে লড়বে। কলম্বোতে খেলা শুরু হবে বেলা সাড়ে ৩টায়। কলম্বোতে গত কিছুদিন ধরেই বৃষ্টি হচ্ছে। লঙ্কা এবং পাকিস্তানের এ ম্যাচেও বৃষ্টির সম্ভবনা রয়েছে।
ফাইনালের স্বপ্ন পূরণে এই ম্যাচে জিততেই হবে। সে অর্থে দু’দলের জন্যই এটি বাঁচা-মরার লড়াই। বৃষ্টি যদি গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাঁধা হয়ে দাঁড়ায় এবং রেজাল্ট না হয়, তাহলে রান রেটে এগিয়ে থাকায় ফাইনাল খেলবে শ্রীলংকা।
সুপার ফোরে শ্রীলংকা ও পাকিস্তান দু’দলই দুটি করে ম্যাচ খেলে, জিতেছে একটিতে এবং হেরেছে অন্যটিতে। শ্রীলংকা বাংলাদেশকে ২১ রানে হারালেও, ভারতের কাছে হেরেছে ৪১ রানে। কলম্বোতে ভারতকে ২১৩ রানে বেধে ফেলেও, স্লো ও টার্নিং উইকেটে নিজেরা অলআউট হয়েছে ১৭২ রানে।
তবে দল হিসেবে বেশ ব্যালেন্স ৬বারের চ্যাম্পিয়ন লংকানরা। ব্যাটিং গভীরাতা যেমন আছে দলটির, তেমনি বোলিং বেশ বৈচিত্রময়। দলের স্পিন বোলিং অ্যাটাক বেশ সমৃদ্ধ। ধনাঞ্জয়া ডি সিলভা, দুনিথ ভেল্লালেগে, দাসুন সানাকার মত একাধিক আলরাউন্ডার শক্তি বাড়িয়েছে দলের। এরসাথে থাকছে নিজেদের কন্ডিশনের বাড়তি সুবিধা।
অন্যদিকে, বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে সুপার ফোর মিশন শুরু করা পাকিস্তান, দ্বিতীয় ম্যাচেই ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে। বিরাট কোহলি ও লোকেশ রাহুলের অপরাজিত সেঞ্চুরিতে, শাহীন শাহ-হ্যারিস রউফ-শাদাব খানদের পাড়া-মহল্লার বোলারে পরিনত করে; রানের পাহাড় গড়েই বাবর আজমদের ২২৮ রানে হারিয়েছে ভারত। ভারতীয় বোলিং তোপে অমার্জনীয় ব্যাটিং ব্যর্থতায় ১২৮ রানে অলআউট হয়েছে পাকিস্তান।
পাকিস্তানের জন্য আরো বড় সমস্যা, ইনুজিরির কারনে দুই সফল ফাস্ট বোলার হ্যারিস রউফ, নাসিম শাহ এবং আগা সালমানকে ‘এই টুর্নামেন্টে আর পাচ্ছে না। এছাড়া খারাপ পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন ফখর জামান ও ফাহিম আশরাফ। লংকার বিপক্ষে পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও জামান খানের সাথে একাদশে ফিরেছেন মোহাম্মদ হারিস, সউদ শাকিল ও মোহাম্মদ নাওয়াজ।
তবে চাপের মুখে ঘুঁড়ে দাঁড়ানোর ইতিহাস বেশ সমৃদ্ধ পাকিস্তানের। তাছাড়া শ্রীলংকার বিপক্ষে সর্বশেষ ৫ ওয়ানডেতে দুটি ম্যাচ পরিত্যাক্ত হলেও, ৩টিতেই জিতেছে পাকিস্তান। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে এই পরিসংখ্যান ও ইতিহাস উজ্জিবীত করছে বাবর আজমদের।
আপনার মতামত লিখুন :