সাকিব-এবাদতের আগুনে বোলিংয়ে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ | Daily AjKaler Kontho

সাকিব-এবাদতের আগুনে বোলিংয়ে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৬, ২০২৩, ৫:৫৪ অপরাহ্ন
সাকিব-এবাদতের আগুনে বোলিংয়ে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

স্পোর্ট ডেস্ক : বাংলাদেশের ২৪৬ রান তাড়া করতে নেমে শুরুতেই উড়ন্ত সূচনা পায় ইংল্যান্ড। সফরকারীদের বিধ্বংসী ইনিংস উপহার দেন ইংলিশ ওপেনার ফিল সল্ট। তার কাছে মোস্তাফিজুর রহমান ও তাইজুল ইসলাম তুলোধুনো হওয়ায় ইংল্যান্ড দলের রান পঞ্চাশও ছাড়িয়ে গিয়েছিল। তবে টানা তিন ওভারে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরেছে বাংলাদেশ।

ফিল সল্টকে বিদায় করে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন সাকিব। এরপর ডেভিড মালানের উইকেট তুলে নেন পেসার এবাদত হোসেন। ঠিক পরের ওভারে আবারও সাকিব তুলে নেন আরেক ওপেনার জেসন রয়ের উইকেট। এতে হোয়াইটওয়াশ এড়িয়ে ম্যাচ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৫৯ রান তুলেছে ইংল্যান্ড। দুই অপরাজিত ব্যাটসম্যান জেমস ভিন্স ২ ও স্যাম কারান ২ রানে অপরাজিত থেকে ব্যাট করছেন। জয়ের জন্য তাদের প্রয়োজন আরও ১৮৮ রান, বাংলাদেশের ৭ উইকেট।

সোমবার (৬ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে টপ অর্ডারে ব্যর্থতার পরও নাজমুল হোসেন শান্তর ৫৩, মুশফিকুর রহিম ৭০ ও সাকিব আল হাসানের ৭৫ রানে ভর করে ২৪৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।

বোলিংয়ে ইংল্যান্ডের পক্ষে পেসার জোফরা আর্চার একাই ৩ উইকেট শিকার করেন। আদিল রশিদ ও স্যাম কারান নেন ২ টি করে উইকেট। এ ছাড়া ক্রিস ওকস আর অভিষিক্ত রেহান আহমেদ লাভ করেন ১টি করে উইকেট।