গানের কেটকে কে চিনত | Daily AjKaler Kontho

গানের কেটকে কে চিনত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৭, ২০২৩, ৩:০০ অপরাহ্ন
গানের কেটকে কে চিনত

আজকালের কন্ঠ ডেস্ক : দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ার। তাঁকে দেখা গেছে ‘অলমোস্ট ফেমাস’, ‘রাইজিং হেলেন’সহ বেশ কয়েকটি দর্শকপ্রিয় সিনেমায়। অস্কারসহ মনোনয়ন পেয়েছেন বাফটা ও সেগ পুরস্কারেও। হচ্ছিল কেট হাডসনের কথা। তবে অভিনেত্রী যে অভিনয়ের সঙ্গে গানটাও ভালোই পারেন, তা কে জানত। কেট সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আগামী বছর তিনি গানের অ্যালবাম প্রকাশ করবেন।

সাক্ষাৎকারে কেট হাডসন জানিয়েছেন, তিনি ১৯ বছর বয়স থেকেই গান লিখছেন। তবে এত দিন নিজের গানের প্রতিভার কথা গোপনই রেখেছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা আমার একটা আফসোসের জায়গা (গান)। আমার কোনো প্রত্যাশা নেই, কেবল রেকর্ডটি প্রকাশ করতে চাই। এটা নিয়ে আমি এখন কাজ করছি। তবে অ্যালবামটির জন্য আমার তর সইছে না, নিশ্চিতভাবেই এটা আমাকে গর্বিত করবে।’

কেট জানান, আগামী গ্রীষ্মে অ্যালবামটি মুক্তি পাবে। তিনি জানান, মূলত পরিবার সামলাতে গিয়েই নিজের গানের প্রতিভা প্রকাশে দেরি হয়েছে তাঁর। কেট বলেন, ‘তিন সন্তানের মা হওয়া সহজ নয়, একটু থিতু হওয়ার পরই গান নিয়ে কাজের সময় পেয়েছি। এ ছাড়া গান প্রকাশ নিয়ে ভয়েও ছিলাম। তবে মনের মধ্যে গানের একটা স্বপ্ন সব সময়ই ছিল। বরাবরই মনে হয়েছে, গানে গানে আমার কিছু বলার আছে।’
তবে গায়িকা এটিও জানান, পপ তারকা হওয়ার কোনো ইচ্ছা তাঁর নেই, স্রেফ নিজের লেখা গান গাইতে চান।

সামনে অনেক দিন পর বড় পরিসরে নির্মিত সিনেমায় দেখা গেছে কেট হাডসনকে। ২৩ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘গ্লাস অনিয়ন: আ নাইভ আউট মিস্ট্রি’তে। বহুল প্রতীক্ষিত এই রহস্য ঘরানার ছবিটিতে আরও আছেন ড্যানিয়েল ক্রেগ।
গান, সিনেমার খবরের বাইরে কেট হাডসেনর আরেকটি খবর, কিছুদিন আগেই ব্রিটিশ গায়ক ম্যাট বেলামির সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙে গেছে। এক পডকাস্টে বারবার সম্পর্কের উত্থান–পতন নিয়ে কথা বলেছেন তিনি। যেখানে তিনি বলেছেন, অতীতের সব ব্যর্থ সম্পর্কের জন্য তিনি সমানভাবে দায়ী।