বস্তায় ভরে ১০৪৮ বোতল ফেন্সিডিল পাচারের সময় গ্রেপ্তার দুই - মাদক ব্যবসায়ী | Daily AjKaler Kontho

বস্তায় ভরে ১০৪৮ বোতল ফেন্সিডিল পাচারের সময় গ্রেপ্তার দুই – মাদক ব্যবসায়ী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২২, ৪:৪৯ অপরাহ্ন
বস্তায় ভরে ১০৪৮ বোতল ফেন্সিডিল পাচারের সময় গ্রেপ্তার দুই – মাদক ব্যবসায়ী

আজকালের কন্ঠ ডেস্কঃ ৩০ ডিসেম্বর ২০২২,

গোবিন্দগঞ্জে কাঠের গুড়ার চারটি বস্তায় ভরে একটি বড় মাদকের চালান আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) লালমনিরহাট থেকে ঢাকায় পাচারের সময় ১ হাজার ৪৮ বোতল ফেন্সিডিলের চালানের সঙ্গে দুই মাদক ব্যবসায়ীকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে মাদকের চালানটি আটকের কথা প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জ থানায় আয়োজিত মিট দ্য প্রেস-এ গাইবান্ধার নবযোগদানকৃত পুলিশ সুপার মো: কামাল হোসেন আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গাইবান্ধা জেলা পুলিশের নিয়মিত মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার ঢাকা-রংপুর মহাসড়কের কামারদহ ইউনিয়নের বকচর নামক স্থানে ঢাকাগামী একটি মালবাহী পিকআপ তল্লাশি করা হয়। এ সময় হলুদ-সবুজ রঙের ওই পিক আপ গাড়িতে (ঢাকা মেট্রো-ন-১১-৯৩৪৯) রাখা ২৫টি কাঠের গুড়ার বস্তার মধ্যে ৪টি বস্তায় কৌশলে রাখা এই বিপুল পরিমাণ ফেন্সিডিলের চালানটি আটক করা হয়।

এ সময় মাদক বহনকারী দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন, মো: ইমরান আলী ও রবিউল ইসলাম। তাদের দুজনেরই বাড়ি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার পাটগ্রাম সাহেব ডাঙ্গা গ্রামে।

গোবিন্দগঞ্জ থানায় মাদক আইনে গতকালই একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মিট দ্য প্রেস অনুষ্ঠানে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইজার উদ্দিনসহ সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স ভূমিকা নিয়ে অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদকর্মীদের জানান নতুন পুলিশ সুপার মো. কামাল হোসেন।