ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ৯২ রোগী | Daily AjKaler Kontho

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ৯২ রোগী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১০, ২০২২, ৪:৩১ অপরাহ্ন
ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ৯২ রোগী

নিজস্ব প্রতিবেদক : এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ জন। এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ নিয়ে বর্তমানে সারাদেশে মোট ৩৬৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন।

বুধবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মঙ্গলবার (৯ আগস্ট) সকাল ৮টা থেকে বুধবার একই সময়ের মধ্যে সারাদেশে নতুন করে আরও ৯২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে ৭৩ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন ১৯ জন।

এ নিয়ে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৩৬৯ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৯৭ জন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৭২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৪০৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ হাজার ২৪ জন।

এসময়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৫৯ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৫৫৭ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৫৪৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬৭ জন।

গত ১ জানুয়ারি থেকে ১০ আগস্ট দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫ জন মারা গেছেন। কিন্তু ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যুর খবর আসে গত ২১ জুন।

এর আগে ২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ এ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। ওই বছর দেশে ১০৫ জন ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছিল।

আজকালের কন্ঠ /এসএম