পুলিশ হাসপাতালের বহির্বিভাগ ভবন উদ্বোধন করলেন আইজিপি | Daily AjKaler Kontho

পুলিশ হাসপাতালের বহির্বিভাগ ভবন উদ্বোধন করলেন আইজিপি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৬, ২০২০, ৪:৪৩ অপরাহ্ন
পুলিশ হাসপাতালের বহির্বিভাগ ভবন উদ্বোধন করলেন আইজিপি

রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) এর নবনির্মিত বহির্বিভাগ ভবনের উদ্বোধন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। রবিবার (১৬ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নতুন বহির্বিভাগের উদ্বোধন করেন আইজিপি। এসময় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপিবৃন্দসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আধুনিক চিকিৎসা সেবা প্রদানের জন্য ৪ তলা বিশিষ্ট স্টিল কাঠামোতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বহির্বিভাগ তৈরি করা হয়। এখান থেকে দ্রুত সময়ে পুলিশ সদস্যদের চিকিৎসা প্রদান করা হচ্ছে।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) বাংলাদেশ পুলিশের শীর্ষস্থানীয় হাসপাতাল। এ হাসপাতাল থেকে পুলিশ ও তাদের পরিবারের সদস্যরা আধুনিকমানের চিকিৎসা ও ঔষধ পেয়ে থাকেন। এটি প্রতিষ্ঠা হয়েছিল ১৯৫৪ সালে। ১৯৯৭-২০০৫ মেয়াদে বাংলাদেশ পুলিশ হাসপাতালসমূহ আধুনিকীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় এটিকে ৭০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করা হয়।

হাসপাতারে বর্তমানে যেসব বিভাগ চালু রুয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- কার্ডিওলজি, গাইনি-অবস্, অর্থোপেডিক, শিশু, মেডিসিন, জেনারেল সার্জারি, নেফ্রোলজি, ইএনটি, ডার্মাটোলজি, চক্ষু ও দন্ত। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে রয়েছে এদেশের উন্নতমানের অত্যাধুনিক রেডিওলজি এন্ড ইমেজিং ও ল্যাবরেটরি সুবিধা।

এছাড়াও অত্যাধুনিক অপারেশন থিয়েটার, ডায়ালাইসিস ইউনিট, ১৬০ স্লাইচ সিটিস্ক্যান, এমআরআই মেশিন, ২৪ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ইকো-কার্ডিওগ্রাম সুবিধা, ডিজিটাল ম্যামোগ্রাফী, ইটিটি সুবিধা, ডিজিটাল এক্স-রে মেশিন, ৪-ডি আল্ট্রাসনোগ্রাম মেশিন ও ব্লাড ব্যাংক।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের কার্যক্রম ও রোগীর তথ্য ডিজিটাল ফরমেটে সংরক্ষণ ও মনিটরিং করার জন্য হসপিটাল ইনফরমেশন সিস্টেম ও ল্যাবরেটরি ইনফরমেশন সিস্টেম সফটওয়ার চালু করা হয়েছে।