রাশিয়ার হামলায় শিশুসহ ৩৫২ বেসামরিকের মৃত্যু: ইউক্রেন | Daily AjKaler Kontho

রাশিয়ার হামলায় শিশুসহ ৩৫২ বেসামরিকের মৃত্যু: ইউক্রেন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৮, ২০২২, ৩:৩৩ অপরাহ্ন
রাশিয়ার হামলায় শিশুসহ ৩৫২ বেসামরিকের মৃত্যু: ইউক্রেন

ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলায় এ পর্যন্ত দেশটির ৩৫২ বেসামরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে ১৪ শিশুও রয়েছে।

স্থানীয় সময় রোববার এক বার্তায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ দাবি করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

গত বৃহস্পতিবার ইউক্রেনে সেনা অভিযান শুরু করে রাশিয়া। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, গত চারদিনে এ পর্যন্ত ১৪ শিশুসহ ৩৫২ জন বেসামরিক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া ১১৬ শিশুসহ এক হাজার ৬৮৪ জন আহত হয়েছেন।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা অ্যান্টন হেরাশচেঙ্কো জানিয়েছেন, রাশিয়ার পাশাপাশি বেলারুশ থেকে ‘ইসকান্দার’ ক্ষেপণাস্ত্র হামলা করা হচ্ছে। রোববার স্থানীয় সময় বিকেল ৫টায় এই হামলা করা হয়।

একের পর এক শহর রুশ সেনাদের নিয়ন্ত্রণে যাচ্ছে। যদিও ইউক্রেনের সৈন্যরা প্রতিহত করার চেষ্টা করছে। সৈন্যদের পাশাপাশি বেসামরিকদেরও অস্ত্র দিচ্ছে দেশটির সরকার।

এদিকে চলমান সংকটের সমাধানে রুশ প্রতিনিধি দলের সঙ্গে শান্তি আলোচনায় বসছেন ইউক্রেনের প্রতিনিধিরা।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক সহযোগী এ তথ্য জানিয়েছেন। আলোচনায় সাড়া দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কিও।