কোহলির অধিনায়কত্বে ভরসা নেই গম্ভীরের? | Daily AjKaler Kontho

কোহলির অধিনায়কত্বে ভরসা নেই গম্ভীরের?


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০১৯, ১:৪০ অপরাহ্ন
কোহলির অধিনায়কত্বে ভরসা নেই গম্ভীরের?

আজকালের কন্ঠ ডেস্কঃ বর্তমান ভারতীয় দলের পারফরম্যান্স বা বিরাট কোহলির অধিনায়কত্ব! যে কোন আলোচনায় সর্বদা নিজের মতোই কথা বলেন গৌতম গম্ভীর। কোহলির অধিনায়কত্ব নিয়ে কথা বলতে গিয়ে এবার কথায় কথায় তিনি বুঝিয়ে দিলেন, অধিনায়ক কোহলির দক্ষতায় তার একশো শতাংশ ভরসা নেই।কোহলির অধিনায়কত্ব প্রসঙ্গে গম্ভীরের মত, ”এখনও ওর অনেকটা রাস্তা চলা বাকি। গত বিশ্বকাপে কোহলি দারুণ পারফর্ম করেছে। তবে এখনও অনেকটা পথ ওকে চলতে হবে। আসলে ভারতীয় দলে রোহিত শর্মা ও এমএস ধোনির মতো ক্রিকেটার রয়েছেন। ওদের জন্যই বিরাট কোহলি ভাল অধিনায়কত্ব করতে পারে। দীর্ঘ দিন ধরে রোহিত ও ধোনির মতো ক্রিকেটার থাকায় কোহলির অধিনায়কত্বে অনেক সুবিধা হয়। আসলে আমার মনে হয় কোন ফ্র্যাঞ্চাইজি দলকে নেতৃত্ব দেওয়াটা চ্যালেঞ্জের। কারণ সেখানে অন্য কোন ক্রিকেটারের তেমন সহায়তা পাওয়া যায় না।”
রোহিত ও ধোনি সম্পর্কে বলতে গিয়ে গম্ভীর বললেন, ”মুম্বাইয়ের হয়ে রোহিত শর্মার পারফরম্যান্স দেখুন। অথবা দেখুন, চেন্নাইয়ের হয়ে ধোনি কেমন পারফর্ম করেছে! সেই তুলনায় বেঙ্গালুরুর কথা ভাবুন। তা হলেই সবটা পরিষ্কার হয়ে যাবে। ফ্র্যাঞ্চাইজি দলের ক্ষেত্রে একার হাতে নেতৃত্ব দেওয়ার চাপ থাকে। তখনই আসল চ্যালেঞ্জ টের পাওয়া যায়।”