যেভাবে উদ্ধার হলেন ধর্মীয় বক্তা আদনান | Daily AjKaler Kontho

যেভাবে উদ্ধার হলেন ধর্মীয় বক্তা আদনান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১৮, ২০২১, ৩:৫১ অপরাহ্ন
যেভাবে উদ্ধার হলেন ধর্মীয় বক্তা আদনান

সপ্তাহখানেক নিখোঁজ থাকার পর সন্ধান মিলেছে ধর্মীয় বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের। শুক্রবার (১৮ জুন) বিকেলে তার খোঁজ পাওয়া যায়।

রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, বিকেল ৩টার দিকে তাকে রংপুুুর নগরের আবহাওয়া অফিস সংলগ্ন মাস্টার পাড়ার শ্বশুরবাড়ি থেকে থানায় নিয়ে যায় পুলিশ।

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন জানান, ত্ব-হা রংপুর নগরীরর কলেজ রোডে চারতলা মোড়ে প্রথম স্ত্রীর ভাড়া বাসায় অবস্থান করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এরপর তাকে সেখান থেকে থানায় নেয়া হয়। থানায় এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানান আবু মারুফ।

গত ১০ জুন রংপুর থেকে ঢাকায় আসার পথে রাজধানীর গাবতলী এলাকা থেকে ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজ হন। এছাড়াও তার সঙ্গে নিখোঁজ হয়েছেন আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দীন।

ত্ব-হার নিখোঁজ হওয়ার তথ্য জানিয়ে দারুসসালাম এবং মিরপুর থানায় গেলে কোনো থানাই সাধারণ ডায়েরি বা মামলা গ্রহণ করেনি বলেও অভিযোগ করেছেন তার পরিবার। এ নিয়ে সর্বশেষ রংপুর সদর থানায় একটি জিডি করা হয়।