নওগাঁয় মাদ্রাসার ১৮০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় | Daily AjKaler Kontho

নওগাঁয় মাদ্রাসার ১৮০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়


আব্দুল্লাহ আল মাহীদ, নওগাঁ প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ন
নওগাঁয় মাদ্রাসার ১৮০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

নওগাঁ সদর উপজেলার শিমুলিয়া এলাকায় অবস্থিত দারুস সুন্নাহ কওমি মাদ্রাসা ও এতিমখানায় ১৮০ জনেরও বেশি শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর ২০২৬) দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করে স্বেচ্ছাসেবী সংগঠন রাণীনগর সোশ্যাল ইয়ুথ অর্গানাইজেশন।

কার্যক্রমে মাদ্রাসার শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি রক্তদানের গুরুত্ব ও জরুরি মুহূর্তে রক্তের গ্রুপ জানা থাকার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা হয়।

এ সময় শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় আবেগঘন কিছু মুহূর্ত। রক্তের গ্রুপ নির্ণয়ের সময় সূঁচের সামান্য ব্যথায় এক শিক্ষার্থী কান্না শুরু করলে তার সহপাঠীরা তাকে সাহস ও উৎসাহ দিতে থাকে। শিশুদের এমন আন্তরিক মুহূর্ত উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি প্রয়োজনে রক্তদানের মানসিকতা তৈরি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকার মানুষের মধ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

সংগঠনটির মূল লক্ষ্য হলো রক্তদাতা ও রক্তগ্রহীতার মধ্যে সমন্বয় তৈরি করা এবং মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজে স্বেচ্ছায় রক্তদানের সংস্কৃতি গড়ে তোলা।

রাণীনগর সোশ্যাল ইয়ুথ অর্গানাইজেশন” একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যা রক্তদাতা সংগ্রহ, জরুরি রক্তের ব্যবস্থা এবং বিভিন্ন মানবিক ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।