রামগঞ্জে ভোরে পার্কিং করা বাসে আগুন, পুড়ে ছাই | Daily AjKaler Kontho

রামগঞ্জে ভোরে পার্কিং করা বাসে আগুন, পুড়ে ছাই


জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৬, ২:২৯ অপরাহ্ন
রামগঞ্জে ভোরে পার্কিং করা বাসে আগুন, পুড়ে ছাই

লক্ষ্মীপুরের রামগঞ্জে সড়কের পাশে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটি পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে পাশের একটি দোকানের সাইনবোর্ড ও সিসিটিভি ক্যামেরাও পুড়ে যায়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে রামগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার রেস্ট হাউসের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বাসের ভেতরে জ্বালানো কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত বাসটির মালিক উপজেলার কাজিরখিল চৌকিদার বাড়ির আমজাদ হোসেন। রাতে চালক মমিন হোসেন বাসটি ঘটনাস্থলে পার্কিং করে রেখে যান। ঘটনার সময় চালক বাসে ছিলেন না। তবে বাসের হেলপার হেলাল প্রতিদিনের মতো রাতে বাসের ভেতরেই ঘুমিয়ে ছিলেন।

ভোরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করতে মসজিদে যান হেলাল। নামাজ শেষে ফিরে এসে বাসটিতে আগুন জ্বলতে দেখেন তিনি। পরে খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাসটি পুড়ে যায়।

বাসমালিক আমজাদ হোসেন জানান, অগ্নিকাণ্ডে বাসটি পুড়ে তাঁর ব্যাপক ক্ষতি হয়েছে। আগুনে পাশের রাজু অটোর সামনে থাকা সাইনবোর্ড ও সিসিটিভি ক্যামেরাও পুড়ে যায়।

রামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা রেজাউল করিম জানান, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বাসটি পুড়ে যায়। বাসের একটি সিটের ওপর কয়েল দেখতে পাওয়া গেছে। প্রাথমিকভাবে কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করা হচ্ছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।