ময়মনসিংহে ৫০০ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার | Daily AjKaler Kontho

ময়মনসিংহে ৫০০ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার


মোঃ আমিনূর ইসলাম রাব্বি, ময়মনসিংহ ব্যুরো প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৬, ৭:১৫ অপরাহ্ন
ময়মনসিংহে ৫০০ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম হেরোইনসহ মোঃ ওয়াকিল মিয়া (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টা ৫৫ মিনিটে নগরীর কোতোয়ালী মডেল থানাধীন ২৭, শ্যামাচরণ রায় রোডের জেলা স্কুল মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশ জানায়, অভিযানে উদ্ধার করা ৫০০ পিস কথিত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫০ হাজার টাকা এবং ২০ গ্রাম হেরোইনের মূল্য ২ লাখ টাকা। উদ্ধার করা মাদকদ্রব্যের মোট আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।

গ্রেপ্তার ওয়াকিল মিয়া ময়মনসিংহের ফুলপুর উপজেলার চর নিয়ামত এলাকার মোঃ আব্দুল হাকিমের ছেলে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন ও ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মাদ মাহবুবুল হকের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

ডিবি পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। এ চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

মাদকমুক্ত সমাজ গঠন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ময়মনসিংহ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

আজকালের কন্ঠ/আর বি