বদলগাছীর বিলাশবাড়ী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা,ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা, পরিত্যক্ত কোয়ার্টারে মাদকের আড্ডা | Daily AjKaler Kontho

বদলগাছীর বিলাশবাড়ী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা,ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা, পরিত্যক্ত কোয়ার্টারে মাদকের আড্ডা


সুবাস চন্দ্র, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
বদলগাছীর বিলাশবাড়ী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা,ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা, পরিত্যক্ত কোয়ার্টারে মাদকের আড্ডা

নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি দীর্ঘদিনের সংস্কারের অভাবে এখন নিজেই যেন মুমূর্ষু রোগীতে পরিণত হয়েছে। ভবনটির ছাদ ও দেয়ালের পলেস্তারা খসে পড়ায় জীবনের ঝুঁকি নিয়ে চলছে প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা। অন্যদিকে, কেন্দ্রের পরিত্যক্ত আবাসিক ভবনে দিন-রাত বসেছে মাদকসেবীদের আড্ডা। এর পাশাপাশি তীব্র জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাভাবিক স্বাস্থ্যসেবা কার্যক্রম। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো প্রতিকার মিলছে না।

সরেজমিনে দেখা যায়, ১৯৮১ সালে মা ও শিশুদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিলাশবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি নির্মাণ করা হয়। একসময় স্থানীয় মানুষের পদচারণায় মুখর থাকত কেন্দ্রটি। কিন্তু সময়ের ব্যবধানে জরাজীর্ণ অবকাঠামো ও সেবার নানা সীমাবদ্ধতার কারণে দিন দিন কমছে রোগীদের উপস্থিতি।

কেন্দ্রের মূল ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ছে এবং দেয়ালের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা দিয়েছে। মাঝেমধ্যেই ছাদ থেকে পলেস্তারা খসে নিচে পড়ছে। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের পাশাপাশি চরম আতঙ্কে দিন পার করছেন কর্মরত কর্মকর্তা-কর্মচারীরাও। কখন ছাদের কোন অংশ ভেঙে পড়ে, সেই শঙ্কা নিয়েই প্রতিদিন চলছে চিকিৎসাসেবা।

স্থানীয় বাসিন্দারা জানান, শুধু মূল ভবনই নয়, স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক ভবনটির অবস্থাও অত্যন্ত নাজুক। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকায় ভবনটি এখন পরিত্যক্ত। এই সুযোগে পরিত্যক্ত ভবনটিতে দিন-রাত চলছে মাদকসেবীদের আড্ডা ও মাদক সেবন। এতে চিকিৎসা নিতে আসা নারী ও শিশুসহ সাধারণ রোগীদের চরম বিব্রতকর ও নিরাপত্তাহীন পরিস্থিতিতে পড়তে হচ্ছে।

এদিকে জনবল সংকটেও ধুঁকছে গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্যকেন্দ্রটি। কেন্দ্রের নির্ধারিত ৯টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ৫ জন, বাকি ৪টি পদই দীর্ঘদিন ধরে শূন্য। ফলে সীমিত জনবল দিয়ে বিপুলসংখ্যক প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের।

কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা ও কর্মরত কর্মকর্তারা জানান, ঝুঁকিপূর্ণ ভবন ও জনবল সংকটের কারণে সেবা দিতে গিয়ে তাদের নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বদলগাছী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

স্থানীয়দের দাবি, অবিলম্বে বিলাশবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার, পরিত্যক্ত আবাসিক ভবন পুনর্নির্মাণ করে মাদকসেবীদের আড্ডা বন্ধ, পর্যাপ্ত ওষুধ সরবরাহ এবং শূন্য পদগুলোতে দ্রুত জনবল নিয়োগ দিয়ে নিরাপদ পরিবেশে চিকিৎসাসেবা নিশ্চিত করা হোক।

আজকালের কন্ঠ/আর বি