ছাত্রদলের বিরোধিতা করে এখন নেতৃত্বের দৌড়ে, নোবিপ্রবি ছাত্রদলে ‘হাইব্রিড’ ও ছাত্রলীগ সংশ্লিষ্টদের লবিংয়ের অভিযোগ | Daily AjKaler Kontho

ছাত্রদলের বিরোধিতা করে এখন নেতৃত্বের দৌড়ে, নোবিপ্রবি ছাত্রদলে ‘হাইব্রিড’ ও ছাত্রলীগ সংশ্লিষ্টদের লবিংয়ের অভিযোগ


নোবিপ্রবি প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
ছাত্রদলের বিরোধিতা করে এখন নেতৃত্বের দৌড়ে, নোবিপ্রবি ছাত্রদলে ‘হাইব্রিড’ ও ছাত্রলীগ সংশ্লিষ্টদের লবিংয়ের অভিযোগ

একসময় ক্যাম্পাসে ছাত্রদলের কার্যক্রম বন্ধের দাবিতে আন্দোলন, ‘ছাত্রদলের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ স্লোগান দিয়ে মিছিল এবং ৫ আগস্টের আগে ছাত্রলীগের কর্মসূচিতে সম্মুখসারিতে সক্রিয় ছিলেন এবার তাঁরাই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রদলের শীর্ষ পদ পেতে তৎপর হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, তাঁদের কেউ কেউ নেতৃত্বে আসতে লবিং তদবির ও চালাচ্ছেন বলে বিস্ফোরক অভিযোগ করেছেন সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি জাহিদ হাসান।

রোববার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ তুলে ধরেন তিনি। একই সঙ্গে পদপ্রত্যাশীদের অতীত রাজনৈতিক ভূমিকা, সাংগঠনিক অবদান ও সংশ্লিষ্ট তথ্যপ্রমাণ যাচাই করে নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান।

পোস্টে জাহিদ হাসান অভিযোগ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক থাকাকালে দুই নেতা ‘ছাত্রদলের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ স্লোগান দিয়ে মিছিল ও মিছিল-পরবর্তী বক্তব্যের নেতৃত্ব দিয়েছিলেন। সে সময় আন্দোলনের প্যাড ব্যবহার করে রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের কার্যক্রম বন্ধ রাখার দাবিতে প্রেস বিজ্ঞপ্তিও দিয়েছিলেন তাঁরা। এমনকি ছাত্রদলের বিভিন্ন কর্মসূচি এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক টিমের ক্যাম্পাসে প্রবেশেও বাধা সৃষ্টি করেছিলেন বলে দাবি করেন তিনি।

জাহিদ হাসানের ভাষ্য, এসব প্রতিকূলতা ও বাধা সত্ত্বেও তাঁরা ধৈর্যের সঙ্গে সংগঠনকে ক্যাম্পাসে প্রতিষ্ঠিত করার কাজ চালিয়ে গেছেন। অথচ ছাত্রদলের কমিটি বিলুপ্ত হওয়ার পর সেই দুই সমন্বয়কই এখন নোবিপ্রবি ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী। একসময় যারা ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক কর্মকাণ্ডের বিরোধিতা করেছেন, তাঁদেরই এখন সংগঠনের নেতৃত্বে আসার প্রচেষ্টা কতটা যৌক্তিক, সে প্রশ্নও তুলেছেন তিনি।

এদিকে ৫ আগস্টের আগে ছাত্রলীগের কর্মসূচিতে সম্মুখসারিতে সক্রিয় থাকার সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ রয়েছে এমন কয়েকজনও নোবিপ্রবি ছাত্রদলের শীর্ষ পদপ্রত্যাশী বলে অভিযোগ করেছেন তিনি। তাঁদের কেউ কেউ পূর্ববর্তী কমিটিতেও পদ পেয়েছিলেন বলে উল্লেখ করেন জাহিদ। তাঁর মতে, অতীত রাজনৈতিক পরিচয় ও কর্মকাণ্ড যাচাই না করে কেবল লবিং কিংবা ব্যক্তিগত যোগাযোগের ভিত্তিতে কাউকে সংগঠনের নেতৃত্বে নিয়ে আসা হলে তা ছাত্রদলের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে।

পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ছাত্রদল কি এতটাই নেতৃত্বশূন্য হয়ে পড়েছে যে, একসময় সংগঠনের কার্যক্রম বন্ধের দাবিতে সোচ্চার ব্যক্তিদেরই এখন নেতৃত্বে আনতে হবে? তাঁদের প্রার্থী হিসেবে কারা সামনে আনছেন, কারা পৃষ্ঠপোষকতা করছেন এবং এর পেছনে কোনো বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

পোস্টে কেন্দ্রীয় ছাত্রদলের কাছে তিনটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন জাহিদ হাসান। প্রথম দাবিতে, গত ১৮ আগস্ট নোবিপ্রবিতে বহিরাগত হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এবং সরকারি গোয়েন্দা সংস্থার তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রকৃত জড়িতদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

দ্বিতীয় দাবিতে তিনি বলেন, ওই ঘটনায় তাঁদের (সভাপতির দায়িত্বে থাকা জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন) সম্পৃক্ততার প্রমাণ না পাওয়া গেলে সাংগঠনিক স্বীকৃতি ও সম্মান পুনর্বিবেচনা করতে হবে। অন্যদিকে, সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধেও আরও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি। এ ক্ষেত্রে সংগঠনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে উল্লেখ করেন তিনি।

তৃতীয় দাবিতে পদপ্রত্যাশীদের অতীত রাজনৈতিক ভূমিকা, সাংগঠনিক অবদান ও সংশ্লিষ্ট তথ্যপ্রমাণ যথাযথভাবে যাচাই করে যোগ্য, পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের নেতৃত্বে আনার আহ্বান জানান জাহিদ। তাঁর মতে, ব্যক্তিগত যোগাযোগ কিংবা লবিং নয়, বরং রাজনৈতিক ত্যাগ ও সংগঠনের প্রতি অবদানই নেতৃত্ব নির্বাচনের প্রধান বিবেচ্য হওয়া উচিত।

পোস্টের শেষাংশে ক্ষোভ প্রকাশ করে জাহিদ হাসান বলেন, সংগঠনবিরোধী হাইব্রিড, সুবিধাবাদী ও সাবেক ছাত্রলীগারদের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হলে দুঃসময়ে জীবনের প্রায় এক যুগ ছাত্রদলের জন্য উৎসর্গ করাকে নিজের জীবনের সবচেয়ে বড় ভুল মনে হবে। এমন সিদ্ধান্ত শুধু ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে বিশ্বাসঘাতকতাই নয়, বরং নোবিপ্রবি ছাত্রদলের ভবিষ্যৎকেও গভীর সংকটের দিকে ঠেলে দেবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এ ছাড়া বহিরাগত হামলার ঘটনায় তিন মাস পেরিয়ে গেলেও বিচার নিশ্চিত না হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন জাহিদ। তাঁর দাবি, এ ঘটনায় ভবিষ্যতে কোনো সাংগঠনিক কিংবা ক্যাম্পাস সংকট তৈরি হলে সংশ্লিষ্ট সংগঠন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এর দায় নিতে হবে। বিশেষ করে হামলার ঘটনায় বিচার নিশ্চিত করতে না পারার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না বলে মন্তব্য করেন তিনি।

আজকালের কন্ঠ/আর বি