সরিষাবাড়ীতে হঠাৎ ঝিনাই নদীর ভাঙন, মানুষজন আতঙ্কিত | Daily AjKaler Kontho

সরিষাবাড়ীতে হঠাৎ ঝিনাই নদীর ভাঙন, মানুষজন আতঙ্কিত


শফিকুল ইসলাম, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ন
সরিষাবাড়ীতে হঠাৎ ঝিনাই নদীর ভাঙন, মানুষজন আতঙ্কিত

জামালপুরের সরিষাবাড়ীতে হঠাৎ দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। শুষ্ক মৌসুমে নদীতে পানি কম থাকলেও গত এক সপ্তাহের অব্যাহত ভাঙনে ঝিনাই নদীগর্ভে বিলীন হয়ে গেছে কৃষকদের আবাদি জমি। আতঙ্কে আছেন নদীপাড়ের মানুষ। তবে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপজেলা প্রশাসন।

সরজমিনে ভাঙন কবলিত এলাকায় ঘুরে জানা গেছে, জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের ঝিনাই নদীর পূর্বতীরে অবস্থিত হেলাঞ্চাবাড়ী গ্রাম। অসময়ে ঝিনাই নদীর আগ্রাসী থানায় নদী পাড়ের মানুষ দিশেহারা হয়ে পড়েছে। নদীতে পানিপ্রবাহ কম থাকলেও, হঠাৎ করেই শুরু হয়েছে তীব্র ভাঙন। ভাঙনের তাণ্ডবে নদীগর্ভে বিলীন হয়ে গেছে ৮ থেকে ১০ বিঘা আবাদি জমির ভুট্টা, আলু, মরিচ, পেঁয়াজসহ নানা ফসল।

নদীর ভাঙ্গনের হুমকির মুখে পড়েছে সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, ঘরবাড়ি সহ এলাকার মানুষজন। আবাদি জমি রক্ষা ও নদী ভাঙন আতঙ্ক থেকে মুক্তি পেতে দ্রুত জিও ব্যাগ ডাম্পিং বা স্থায়ী বাঁধ নির্মাণের দাবি সোনাকান্দ ও হেলেঞ্চা বাড়ি গ্রামবাসীর।

হেলেঞ্চাবাড়ী গ্রামের কৃষক সুলতান মাহমুদ, জহুরুল ইসলাম, ইমান আলী, মোফাজ্জল হোসেন বলেন, হঠাৎ নদী ভাঙনে ফসলের জমি নদী গর্ভে চলে যাওয়ায় আমরা আতঙ্কিত। জাকির হোসেন বলেন,শুষ্ক মৌসুমে নদী ভাঙন শুরু হওয়ায় আমরা আতঙ্কে আছি। ভাঙ্গলে ফসল আবাদি জমি নদীতে চলে যাচ্ছে।

কামরাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর কবির বলেন, অসময়ের নদী ভাঙ্গন শুরু হওয়ায় সোনাকান্দ ও হেলেঞ্চা বাড়ি গ্রামের ছয় ,সাত হাজার মানুষ আতঙ্কে রয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে গ্রাম দুটি নদী গর্ভে বিলীন হয়ে যাবে।

উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ বলেন, ফসলসহ আবাদি জমি নদীতে ভেঙে যাওয়ার খবর শুনে ভাঙন এলাকায় লোক পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারি প্রনোদনা দেওয়া হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা বলেন,অসময়ে নদী ভাঙনে বেশ কিছু কৃষকের ফসলের জমি ক্ষতি হয়েছে। সরেজমিন পরিদর্শন করে নদী ভাঙন রোধ ও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা সহায়তা দেওয়া হবে।

আজকালের কন্ঠ/আর বি