উলিপুরে যৌতুকের বাকি ৪৫ হাজার টাকার জন্য স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার | Daily AjKaler Kontho

উলিপুরে যৌতুকের বাকি ৪৫ হাজার টাকার জন্য স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার


কুড়িগ্রাম জেলা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৬, ২:৪৩ অপরাহ্ন
উলিপুরে যৌতুকের বাকি ৪৫ হাজার টাকার জন্য স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

কুড়িগ্রামের উলিপুরে যৌতুকের দাবিতে স্ত্রী নাসরিন জাহানকে নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি স্বামী মো. আলমগীর হোসেনকে (২৬) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রংপুর এসআরবি-১৩। এর আগে শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার নতুন বন্দর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবির রংপুর ও জামালপুর ক্যাম্পের যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার আলমগীর উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নামানির চর এলাকার মৃত নালু মিয়ার ছেলে। তিনি নিহত নাসরিন জাহানের স্বামী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে পারিবারিকভাবে নাসরিনের সঙ্গে আলমগীরের বিয়ে হয়। বিয়ের পর থেকে আলমগীরের পরিবার যৌতুক হিসেবে ৭০ হাজার টাকা দাবি করে আসছিল বলে অভিযোগ করা হয়েছে। এর মধ্যে নাসরিনের বাবা নুর ইসলাম ২৫ হাজার টাকা দেন। বাকি ৪৫ হাজার টাকার জন্য নাসরিনকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, গত ২৮ অক্টোবর যৌতুকের বাকি টাকা কবে দেওয়া হবে, তা জানতে বাবাকে ফোন করেন নাসরিন। তখন তাঁর বাবা ধান কাটার পর টাকা দেওয়ার কথা জানান। পরদিন ২৯ অক্টোবর সকাল ৬টা ৪০ মিনিটে নুর ইসলাম মেয়ের মৃত্যুর খবর পান।

পরে পরিবারের সদস্যরা আলমগীরের বাড়িতে গিয়ে নাসরিনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ওই দিনই নাসরিনের বাবা নুর ইসলাম বাদী হয়ে উলিপুর থানায় হত্যা মামলা করেন।

এসআরবি জানায়, মামলা হওয়ার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে আলমগীরকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১ নভেম্বর এ মামলার আরেক আসামি মো. দুলালকে গ্রেপ্তার করেছিল এসআরবি-১৩।

রংপুর এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেপ্তার আলমগীরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আজকালের কন্ঠ/আর বি