কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি ৮ হাজার ৫১০ টাকায় | Daily AjKaler Kontho

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি ৮ হাজার ৫১০ টাকায়


কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি ৮ হাজার ৫১০ টাকায়

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে জেলে নবী হোসেনের জালে ধরা পড়েছে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে কুয়াকাটা পৌর মৎস্য অবতরণ কেন্দ্রে নিলামে মাছটি প্রতি মণ ১ লাখ ৪৫ হাজার টাকা দরে মোট ৮ হাজার ৫১০ টাকায় বিক্রি হয়।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী জয়নাল ঘরামী মাছটি কিনে নেন। তিনি জানান, মাছটির ওজন ও মান বিবেচনায় এ দাম দিয়েছেন। বড় ইলিশের চাহিদা থাকায় ভালো দামে বিক্রির আশা করছেন তিনি। এর আগে গত বুধবার ২ কেজি ওজনের আরেকটি ইলিশ ৭ হাজার ৪০০ টাকায় কিনেছিলেন।

মাছটির জেলে নবী হোসেন বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে এটিই তাদের জালে ধরা পড়া প্রথম বড় ইলিশ। এমন মাছ পাওয়া গেলে জেলেরা আর্থিকভাবে লাভবান হন।

স্থানীয় বাসিন্দা মিরাজুল হাসান বলেন, বড় ইলিশ খাওয়ার ইচ্ছা থাকলেও অতিরিক্ত দামের কারণে মধ্যবিত্ত পরিবারের পক্ষে তা কেনা কঠিন হয়ে পড়েছে।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস বিভাগের অধ্যাপক ড. রাজীব সরকার বলেন, নিষেধাজ্ঞা শেষে বড় ইলিশ ধরা পড়া ইতিবাচক। প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখলে ইলিশের প্রজনন ও বংশবিস্তারে সুফল পাওয়ার সুযোগ তৈরি হয়। তবে একটি বড় ইলিশ পাওয়া মানেই উৎপাদন বেড়েছে, এমন সিদ্ধান্তে আসা যাবে না। এ জন্য দীর্ঘমেয়াদি গবেষণা ও আহরণের পরিসংখ্যান বিশ্লেষণ প্রয়োজন।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী বলেন, ইলিশের উৎপাদন ও প্রজনন নিশ্চিত করতে সরকারি সংরক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ। এ জন্য জেলেদের নিষেধাজ্ঞা মেনে চলার পাশাপাশি আইন অনুযায়ী মাছ আহরণ করতে হবে।

আজকালের কন্ঠ/আর বি