
পটুয়াখালীর দুমকিতে ৫০ গ্রাম গাঁজাসহ মো. আল আমিন মৃধা (৪৩) নামে যশোরের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কালো রঙের Honda Hornet মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) রাত ১২টা ২৫ মিনিটে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের লেবুখালী টোলপ্লাজার উত্তর পাশে চেকপোস্টে তল্লাশির সময় তাকে গ্রেপ্তার করা হয়।
দুমকি থানার এসআই মো. সজিব হোসেন লেবুখালী টোলপ্লাজায় রাত্রিকালীন চেকপোস্ট ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, মোটরসাইকেলযোগে এক ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে পটুয়াখালীর দিকে আসছেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়। একপর্যায়ে সন্দেহভাজন একটি কালো রঙের Honda Hornet মোটরসাইকেল থামিয়ে চালকের দেহ তল্লাশি করা হলে তার প্যান্টের ডান পকেট থেকে সাদা কাগজে মোড়ানো ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
গ্রেপ্তার আল আমিন মৃধা যশোর জেলার চৌগাছা থানার নারায়ণপুর ইউনিয়নের মৃধাপাড়া এলাকার মৃত আবু বক্কর মৃধার ছেলে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৩৮ ধারায় মামলা হয়েছে। মামলার এফআইআর নম্বর-৬, তারিখ ৮ নভেম্বর ২০২৬; জিআর নম্বর-১০৯।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :