বাউফলে মানুষের অভিযোগ শুনে সমাধানের উদ্যোগ নিচ্ছেন এমপি মাসুদ | Daily AjKaler Kontho

বাউফলে মানুষের অভিযোগ শুনে সমাধানের উদ্যোগ নিচ্ছেন এমপি মাসুদ


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
বাউফলে মানুষের অভিযোগ শুনে সমাধানের উদ্যোগ নিচ্ছেন এমপি মাসুদ

পটুয়াখালীর বাউফলে সাধারণ মানুষের সমস্যা, অভিযোগ ও দুর্ভোগের কথা সরাসরি শুনছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তাঁর পরিদর্শন কক্ষে প্রতিদিন বিভিন্ন ইউনিয়ন ও প্রত্যন্ত অঞ্চল থেকে আসা মানুষ ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক নানা সমস্যা তুলে ধরছেন। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগসহ প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছেন তিনি।

পরিদর্শন কক্ষে আসা ব্যক্তিদের অভিযোগের মধ্যে রয়েছে জমিজমা ও ভূমি দখল, চুরি-ডাকাতি, লুটতরাজ, গবাদিপশু ও মহিষ চুরি এবং নদীপথে জলদস্যুদের তৎপরতা। এসব অপরাধের কারণে অনেক পরিবার আর্থিক ক্ষতি ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করছেন ভুক্তভোগীরা।

দূরদূরান্ত থেকে আসা মানুষের কথা মনোযোগ দিয়ে শুনছেন সংসদ সদস্য। অভিযোগের ধরন ও গুরুত্ব বিবেচনায় সংশ্লিষ্ট দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিচ্ছেন। পাশাপাশি অভিযোগগুলো যথাযথভাবে তদন্ত করে আইনানুগ পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি।

সংসদ সদস্যের এ উদ্যোগে সাধারণ মানুষ তাঁদের সমস্যা সরাসরি তুলে ধরার সুযোগ পাচ্ছেন। এতে জনপ্রতিনিধির সঙ্গে স্থানীয় বাসিন্দাদের যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করার সুযোগ তৈরি হচ্ছে।

স্থানীয়দের প্রত্যাশা, পরিদর্শন কক্ষে উত্থাপিত অভিযোগগুলোর নিয়মিত খোঁজখবর নেওয়া এবং সংশ্লিষ্ট দপ্তরের সমন্বিত উদ্যোগের মাধ্যমে দ্রুত সমাধান নিশ্চিত করা হবে। বিশেষ করে চুরি-ডাকাতি, ভূমি দখল ও নদীপথে জলদস্যুতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হলে বাউফলের মানুষের নিরাপত্তা আরও জোরদার হবে।

আজকালের কন্ঠ/আর বি