তারাগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপিত | Daily AjKaler Kontho

তারাগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপিত


মোঃ সোহেল রানা, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২৬, ২:৩৯ অপরাহ্ন
তারাগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপিত

রংপুরের তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। ৭ই নভেম্বর ঐতিহাসিক এই দিবসটি উদযাপন উপলক্ষে তারাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ শনিবার সকাল ১১:০০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের সূচনা হয়। দিবসের তাৎপর্য ব্যাখ্যা এবং বীর বীর মুক্তিযোদ্ধাগণের সমন্বয়ে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ মোনাব্বর হোসেন।

অনুষ্ঠানে বক্তারা ঐতিহাসিক ৭ই নভেম্বরের প্রেক্ষাপট ও জাতীয় জীবনে এই দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও কৃতিদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

উক্ত অনুষ্ঠানে উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি