
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস–২০২৬ উপলক্ষে মাদারীপুর পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ মোহাম্মদ এমারত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা দেশের ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ ঘটনাবলি সম্পর্কে জানতে পারবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞান ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক আব্দুর রহমান বাচ্চু বলেন, ‘আমাদের মূল লক্ষ্য শিক্ষার্থীদের সঠিক ইতিহাস সম্পর্কে ধারণা দেওয়া। আজকের শিশুরাই আগামী দিনের দেশের কর্ণধার। তারা যদি দেশের সঠিক ইতিহাস না জানে, তাহলে ভবিষ্যতে দেশ গঠন ও পরিচালনায় কীভাবে ভূমিকা রাখবে? এ চিন্তা থেকেই আমাদের এ প্রতিযোগিতার আয়োজন।’
প্রতিযোগিতার পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য ও ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক, বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :