
মক্কেলের আর্থিক সামর্থ্য বিবেচনায় না নিয়ে আইনজীবী হিসেবে চরম দায়িত্বশীলতার সঙ্গে আদালতে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আদালতে দাঁড়ালে কেবল মক্কেলের ফি বা অর্থের কথা বিবেচনা করলে চলবে না, বরং একজন প্রকৃত আইনজীবী হিসেবে ন্যায়বিচার নিশ্চিতের মানসিকতা নিয়ে দাঁড়াতে হবে।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ১৭তম হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতা, ন্যাশনাল রাউন্ড বাংলাদেশ ২০২৬-এর সমাপনী ও প্রাইজ গিভিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের সকল আইনজীবীদের জ্ঞাতার্থে এই আহ্বান জানান।
আইনজীবীদের পেশাগত সততা ও নিষ্ঠার ওপর জোর দিয়ে আইনমন্ত্রী বলেন, ‘ওকালতিতে শর্টকাটে টাকা ইনকামের পথ খুঁজলে ভালো আইনজীবী হওয়া যায় না। ভালো আইনজীবী হতে হলে অবশ্যই কঠোর পরিশ্রমী ও সৎ হতে হবে।’
আইন পেশাকে মানবিক জায়গায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সবসময় মক্কেলের টাকার বিনিময়ে কাজ করা যায় না। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে প্রয়োজনে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে মামলা পরিচালনা করতে হবে এবং সরকারি লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সেবা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে তরুণ প্রজন্মের ভূয়সী প্রশংসা করে মো. আসাদুজ্জামান বলেন, আগামীর জেনারেশন বা জেনজিরা (Gen Z) সঠিক পথ দেখিয়ে দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যাবে। তাদের গড়া সেই ভবিষ্যৎ পথ হবে অত্যন্ত মসৃণ ও প্রগতিশীল।
আপনার মতামত লিখুন :