ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই: প্রতিমন্ত্রী হাবিব | Daily AjKaler Kontho

ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই: প্রতিমন্ত্রী হাবিব


শাহজালাল (রাসেল) প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ন
ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই: প্রতিমন্ত্রী হাবিব

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সার্বজনীন পূজা উদ্যাপন কমিটির উদ্যোগে দেব মন্দির (তিলপাপাড়া কালভার্ট রোড)-এ শারদীয় দুর্গোৎসবের আনন্দ, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত হয়েছে শারদ স্মারক সম্মাননা সংবর্ধনা প্রদান অনুষ্ঠান-২০২৬

প্রতিমন্ত্রী হাবিব বলেছেন, সকল ষড়যন্ত্র উপেক্ষা করে ঐক্যবদ্ধভাবে খিলগাঁও, সবুজবাগ ও মুগদা এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করতে চাই।

তিনি বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সমাজ ও দেশের উন্নয়নে কাজ করে যেতে হবে। আমরা আপনাদের সঙ্গে একটি সৌহার্দ্যপূর্ণ বন্ধনে আবদ্ধ থাকতে চাই।”

দুর্গাপূজা উদযাপন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে ৩৩ হাজার ৮৫১টি এবং ঢাকায় ২৫৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। কোনো ধরনের সহিংসতা ছাড়াই এবারের পূজা উদযাপন করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, “সবার মধ্যে যে ইতিবাচক সহাবস্থান ও সম্প্রীতির পরিবেশ তৈরি হয়েছে, তা আমরা বজায় রাখতে চাই। আমরা সব সময় আপনাদের পাশে থাকতে চাই”।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সালাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

এ ছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুরোহিতবৃন্দ ও বিভিন্ন মন্দির পরিচালনা কমিটির সদস্যগণ সহ আগত অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে শারদ স্মারক সম্মাননা সংবর্ধনা প্রদান করা হয়।

আজকালের কন্ঠ/আর বি