শিবচরে পদ্মা নদীতে অভিযান, ১০ জেলের ১৫ দিন করে কারাদণ্ড, দেড় লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস | Daily AjKaler Kontho

শিবচরে পদ্মা নদীতে অভিযান, ১০ জেলের ১৫ দিন করে কারাদণ্ড, দেড় লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস


শিবচর (মাদারীপুর) প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ১৪, ২০২৬, ৭:৪৪ অপরাহ্ন
শিবচরে পদ্মা নদীতে অভিযান, ১০ জেলের ১৫ দিন করে কারাদণ্ড, দেড় লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এ অভিযানে ১০ জন জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় প্রায় দেড় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানটি জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকারের তত্ত্বাবধানে এবং শিবচর উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজানের নেতৃত্বে পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাছির উদ্দীন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, থানা পুলিশ।

অভিযান চলাকালে কাজীরসুরা বাজারে অবৈধভাবে গড়ে ওঠা অস্থায়ী দোকান ভেঙে দেওয়া হয় এবং স্থানীয় জেলে ও ব্যবসায়ীদের সতর্ক করা হয়। এসময় কাজীরসুরা বাজারে এমপি মহোদয়ের প্রতিনিধিগণ, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজান বলেন, “মা ইলিশ রক্ষায় সরকারের নিষেধাজ্ঞা চলাকালে পদ্মা নদীতে কোনো ধরনের অবৈধ জাল দিয়ে মাছ ধরা যাবে না। ইলিশ সংরক্ষণ অভিযানের আওতায় আমাদের এ অভিযান চলমান থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”