
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁর রাণীনগর উপজেলায় ৫০টি পূজা মন্দিরে ৬০০ কেজি করে সরকারি চাল অনুদান ও দু’টি করে গাছ দেওয়া হয়েছে। স্থানীয় এমপির শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু’র পক্ষ থেকে প্রতিটি পূজা মন্দিরের পুরোহিতদের ধুতি উপহার দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভার আয়োজন করেন। উপজেলা প্রশাসনের তথ্যমতে, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে রাণীনগর উপজেলায় গতবারের চেয়ে ৫টি মন্দির বৃদ্ধি পেয়ে এবারে মোট ৫০টি মন্দির পূজার জন্য প্রস্তুত করা হয়েছে। দুর্গাপূজার প্রস্তুতিমূলক আলোচনা শেষে প্রতিটি মন্দিরের সভাপতি ও পুরোহিতদের হাতে সরকারি অনুদান ও উপহার তুলে দেন নওগাঁ-৬, (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য এসএম রেজাউল ইসলাম রেজু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এমপি এসএম রেজাউল ইসলাম রেজু। এসময় তিনি বলেন, একটি গোষ্ঠী এদেশের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্রে লিপ্ত আছে। তারা বলেছিল বিএনপি ক্ষমতায় এলে একদিনেই কয়েক লক্ষ হিন্দু মারা যাবে। কিন্তু আমরা ক্ষমতায় এসে মাত্র ৮মাসেই আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র হাতে হিন্দু সহ সকল সম্প্রদায়ের মানুষ কতোটা নিরাপদ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেবজাউল হক লিটন, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বিকাশ চন্দ্র প্রামানিক, রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রমুখ।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি রোকনুজ্জামান খান রুকু, প্রফেসর জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, নয়ন খান লুলু, কোষাধ্যক্ষ জিল্লুর রহমান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহামুদ হাসান বেলাল, ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, মহিলা দলের সভানেত্রী ফাইমা বেগম, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ এবং প্রতিটি পূজা মন্দিরের সভাপতি-সম্পাদক সহ প্রমুখ।
আপনার মতামত লিখুন :