স্বৈরাচার এ দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম এমপি | Daily AjKaler Kontho

স্বৈরাচার এ দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম এমপি


দিনাজপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ১৩, ২০২৬, ৩:০০ অপরাহ্ন
স্বৈরাচার এ দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম এমপি

দিনাজপুরে হলি ল্যান্ড কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি বলেন, “স্বৈরাচার এ দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল।” তিনি বলেন, শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা শুধু সনদ অর্জনের মাধ্যম নয়, বরং জ্ঞান, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধ বিকাশের অন্যতম ভিত্তি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, সততা ও দেশপ্রেমের চর্চা করতে হবে। নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগিয়ে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, কলেজজীবন একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের নির্দেশনা অনুসরণ এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়াতে হবে। শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরি করতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সম্মিলিতভাবে কাজ করার ওপরও তিনি গুরুত্ব দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান এবং দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আলহাজ মোস্তফা কামাল মিলন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলি ল্যান্ড কলেজের প্রফেসর আব্দুর রউফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. ফয়সাল ইসলাম।

নবীনবরণ অনুষ্ঠানে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কলেজজীবনে স্বাগত জানানো হয়। নতুন শিক্ষার্থীদের মধ্যে উচ্চশিক্ষা অর্জন, জ্ঞানচর্চা ও ভবিষ্যৎ জীবনে সফল হওয়ার প্রত্যাশা নিয়ে অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনের পথচলা শুরু হয়।