পবিপ্রবিতে ছাত্রদলের শাখা সভাপতির পদ স্থগিত | Daily AjKaler Kontho

পবিপ্রবিতে ছাত্রদলের শাখা সভাপতির পদ স্থগিত


দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি : প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ন
পবিপ্রবিতে ছাত্রদলের শাখা সভাপতির পদ স্থগিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে বিরোধের জেরে রুম ভাঙচুর ও হাতাহাতির ঘটনার পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. জাহিদুল ইসলাম রাতুলের সাংগঠনিক পদ স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. জাহিদুল ইসলাম রাতুলের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের এ কেরামত আলী হল ও ক্যাম্পাসের প্যারিস রোড এলাকায় সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে বিরোধের জেরে রুম ভাঙচুর ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে অন্তত ৩-৪ জন শিক্ষার্থী আহত হন বলে জানা যায়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ব্যবসায় প্রশাসন অনুষদের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিব্বিল আহমেদ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিয়াম আহমেদের মধ্যে ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। পরে তা দুই পক্ষের মধ্যে উত্তেজনায় রূপ নেয়।

অভিযোগ রয়েছে, বুধবার ভোরে এ কেরামত আলী হলের একটি কক্ষের দরজা-জানালা ভাঙচুর করা হয়। এতে জানালার কাচ ছিটকে এক শিক্ষার্থী আহত হন এবং কক্ষে থাকা একটি ল্যাপটপ ক্ষতিগ্রস্ত হয়।

পরে দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড এলাকায় দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান জানান, ঘটনাটি প্রশাসনের নজরে এসেছে। তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে ছাত্রদলের কেন্দ্রীয় প্রেস বিজ্ঞপ্তিতে জাহিদুল ইসলাম রাতুলের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের সুনির্দিষ্ট বিবরণ দেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনার সঙ্গে তাঁর পদ স্থগিতের সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তাও বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়নি।