
ডেঙ্গু প্রতিরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর পূর্ব তেজতুরী বাজার এলাকায় পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে যুবদল।
বুধবার সকালে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসলাম স্বপন। এ সময় তেজগাঁও থানা যুবদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থান পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।
এ সময় নেতাকর্মীরা ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংস করার আহ্বান জানান।
স্বপন বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারের একার দায়িত্ব নয়। এক্ষেত্রে সাধারণ মানুষকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিজেদের বাসা-বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
দেশব্যাপী যুবদলের এ কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার বার্তা দেওয়া হচ্ছে বলে জানান নেতা-কর্মীরা।
আপনার মতামত লিখুন :