ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হলেন নড়াইলের সাবেক ডিসি এমদাদুল হক চৌধুরী | Daily AjKaler Kontho

ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হলেন নড়াইলের সাবেক ডিসি এমদাদুল হক চৌধুরী


নড়াইল প্রতিনিধি : প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হলেন নড়াইলের সাবেক ডিসি এমদাদুল হক চৌধুরী

ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী।

সোমবার (৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। তিনি ৬ অক্টোবর ২০২৬ খ্রি. ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

মো. এমদাদুল হক চৌধুরী বিসিএস প্রশাসন ক্যাডারের ১৮তম ব্যাচের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। নিয়োগের আগে তিনি ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাইজেশন, নলেজ ম্যানেজমেন্ট ও পারফরম্যান্স (ডিকেএমপি) এবং উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এর আগে তিনি মেহেরপুরে সহকারী কমিশনার, নরসিংদীতে সিনিয়র সহকারী কমিশনার, কুমিল্লা ও চট্টগ্রামে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), কিশোরগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক এবং নড়াইল জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

তিনি একজন নজরুল গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রিতে প্রথম শ্রেণিতে অনার্স ও মাস্টার্স সম্পন্নকারী এই কর্মকর্তা বহুমাত্রিক প্রতিভার অধিকারী।

নড়াইলের সাবেক জেলা প্রশাসক হিসেবে তিনি করোনাকালীন সময়সহ বিভিন্ন সময়ে মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে প্রশংসিত হয়েছিলেন।

ভূমি মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরে তার মতো চৌকস, দক্ষ ও জনদরদি কর্মকর্তার নিয়োগে নড়াইলবাসী আনন্দিত। নড়াইলবাসীর পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।