গৌরীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড- ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হলসহ ২০ দোকান পুড়ে ছাই | Daily AjKaler Kontho

গৌরীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড- ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হলসহ ২০ দোকান পুড়ে ছাই


মোঃ আমিনূর ইসলাম রাব্বি, ময়মনসিংহ ব্যুরো : প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ১:২৭ অপরাহ্ন
গৌরীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড- ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হলসহ ২০ দোকান পুড়ে ছাই

ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হলসহ অন্তত ২০টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সোয়া ২টার দিকে সিনেমা হলটিতে আগুনের সূত্রপাত হয়। এতে সিনেমা হলসংলগ্ন এলপিজি সিলিন্ডারের গুদাম, ডেকোরেশন সামগ্রীর দোকান, পুরোনো কাপড়ের দোকানসহ বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে গৌরীপুর ও ময়মনসিংহ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ৩টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, আগুনে ঝলমল সিনেমা হলসংলগ্ন এলপিজি সিলিন্ডারের গুদাম, ডেকোরেশন সামগ্রীর দোকান, পুরোনো কাপড়ের দোকানসহ একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, সিনেমা হলের পাশের এলপিজি সিলিন্ডারের গুদাম থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

স্থানীয়রা জানান, রাতের নীরবতার মধ্যে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, অনেক ব্যবসায়ী দোকান থেকে মালামাল বের করার সুযোগ পাননি। এতে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা গেছে, পুরোনো একটি জমিদার বাড়িতে পরিচালিত ঝলমল সিনেমা হলটি দীর্ঘদিন ধরে গৌরীপুরের মানুষের বিনোদনের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। ঐতিহ্যবাহী এই সিনেমা হলসহ আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো আগুনে পুড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অগ্নিকাণ্ডে মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।