কলাপাড়ায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত | Daily AjKaler Kontho

কলাপাড়ায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত


কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা প্রকাশের সময় : অক্টোবর ২, ২০২৬, ৭:১৬ অপরাহ্ন
কলাপাড়ায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

উৎপাদনশীলতা বাড়াই, সমৃদ্ধি ত্বরান্বিত করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মারুফ বিল্লার সঞ্চালনায় বক্তব্য দেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জব্বার ও কৃষক মোস্তফা জামান।

আলোচনায় বক্তারা বলেন, জাতীয় অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। স্থানীয় পর্যায়ে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদে উৎসাহিত করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের দক্ষতা বিকাশ এবং কর্মক্ষেত্রে দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাতীয় পর্যায়ে কর্মদক্ষতা বাড়াতে পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন। উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে একদিকে যেমন উৎপাদন ও আয় বাড়বে, অন্যদিকে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের জীবনমানেরও ইতিবাচক পরিবর্তন ঘটবে।