পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা | Daily AjKaler Kontho

পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা


আজকালের কন্ঠ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২, ২০২৬, ৭:০৬ অপরাহ্ন
পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা

চট্টগ্রামের সীতাকুণ্ড মডেল থানায় পুলিশের পেশাগত দায়িত্ব পালনে বাধা ও এক কনস্টেবলকে মারধরের অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সকালে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেন। কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে ব্যক্তিগত গাড়ি নিয়ে সীতাকুণ্ড মডেল থানায় যান ইসমাইল হোসেন। এ সময় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে থানার কনস্টেবল ও ওসির গাড়িচালক মো. শফিকের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে কনস্টেবল শফিক আহত হন। পরে তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়।

ঘটনার পর পুলিশ ইসমাইল হোসেনকে আটক করলেও প্রায় চার ঘণ্টা পর রাত ১টার দিকে তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।