জাসদের দলীয় কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক | Daily AjKaler Kontho

জাসদের দলীয় কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক


আজকালের কন্ঠ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২৬, ৫:৫১ অপরাহ্ন
জাসদের দলীয় কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাবেক সভাপতি আবু জাফর সূর্যকে আটক করেছে পুলিশ। একই স্থান থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীকেও আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে আবু জাফর সূর্যকে আটক করা হয়। পরে তাকে পুলিশ ভ্যানে করে পল্টন থানায় নেওয়া হয়। বিষয়টি ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার ও মুখপাত্র মো. আকতার হোসেন নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, এর আগে জাসদ কার্যালয়ে শতাধিক নেতাকর্মী জড়ো হন। খবর পেয়ে যুবদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা কার্যালয়টি ঘিরে রাখেন। পরে সেখানে ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হারুন অর রশীদসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত হন।

বিকেল ৪টার দিকে জাসদ কার্যালয় থেকে একে একে বেশ কয়েকজনকে হাতকড়া পরিয়ে বের করে পুলিশ ভ্যানে তোলা হয়। ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা জানান, আটক ব্যক্তিদের পল্টন থানায় নেওয়া হচ্ছে। সেখানে যাচাই-বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে অনেককে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে আবু জাফর সূর্যের ফেসবুক আইডিতে হাতকড়া পরা একটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে তিনি লিখেছেন, জাসদের প্রতিনিধি সভায় পেশাগত দায়িত্ব পালনের সময় তাকে এবং আরও কয়েকজনকে হাতকড়া পরিয়ে পুলিশ নিয়ে যায় এবং পরে তাকে পল্টন থানায় রাখা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি