আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা | Daily AjKaler Kontho

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

বগুড়ার আদমদীঘিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় পূজামণ্ডপের নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে সান্তাহার পৌর পূজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বিলুপ্ত করে ৫১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় সান্তাহার রথবাড়ী রাধামাধব মন্দিরে উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা। সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার সভা সঞ্চালনা করেন। সভায় বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতা এ্যাডঃ রবীন্দ্রনাথ সাহা, বাদল মৈত্র, ডা. বিপুল সরকার, উদয় সরকার, ডা. ননী গোপাল বর্মন, কীর্তনিয়া শ্যামল পাল, প্রদীপ সরকার, নিতিশ পাল, মদন মোহন সরকার, রাজ কুমার সাহা মিন্টু, নিপেন সরকার, ভূষণ সরকার, দীপিল গুপ্ত, উৎপল ঘোষ ও হারান সরকারসহ উপজেলার বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

সভায় জানানো হয়, এবার আদমদীঘি উপজেলায় ৬৯টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে মণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন, সিসিটিভি স্থাপন, অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং প্রতিমা বিসর্জনের সময় নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। এ ছাড়াও অপ্রীতিকর কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদযাপন কমিটির সমন্বয়ে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পরে সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সান্তাহার পৌর পূজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। নতুন কমিটিতে প্রভাষক দিলীপ কুমার গুপ্তকে সভাপতি ও রাজ কুমার সাহা মিন্টুকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

আজকালের কন্ঠ/আর বি