
দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ডে নিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রথম দফার চার দিনের রিমান্ড শেষে গাজী নজরুল ইসলামকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন তাকে আরও সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের এসআই রফিকুল ইসলাম রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন। আসামিপক্ষ রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করলেও রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে হেফাজতে নেয় পুলিশ। পরে মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম, মাকছুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন।
এরপর ২১ সেপ্টেম্বর আদালত গাজী নজরুল ইসলামের চার দিনের এবং মাকছুদা ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে মাকছুদাকে ২২ সেপ্টেম্বর কারাগারে পাঠানো হয়। একই মামলার তৃতীয় আসামি ওবায়দুর রহমানকেও পরে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দ্বিতীয় দফায় রিমান্ডে নেওয়ার আগে তদন্ত কর্মকর্তা গাজী নজরুলকে আরও সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন। আদালত শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :