ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ | Daily AjKaler Kontho

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ


আজকালের কন্ঠ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২৬, ৫:০৬ অপরাহ্ন
ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ

ঢাকা মহানগরীর যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ, যানজট নিরসন, খাল খনন ও জলাবদ্ধতা দূরীকরণ এবং নিরাপদ ও টেকসই ঢাকা বিনির্মাণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন।

মন্ত্রী বলেন, বড় শহরগুলোতে মানুষের চলাচল সহজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাস্তায় মানুষের মূল্যবান সময় নষ্ট হলে এর বড় অর্থনৈতিক প্রভাব পড়ে। তাই নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে যানজট নিরসনে কার্যকর উদ্যোগ নিতে হবে।

ডেঙ্গু প্রতিরোধে চলমান কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্ব দিয়ে তিনি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর নেওয়া কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ঢাকাকে পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশনগুলোর চলমান কার্যক্রম আরও জোরদার করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত অভিযান পরিচালনার ওপরও তিনি গুরুত্ব দেন।

সভায় ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ, যানজট নিরসন, খাল খনন, জলাবদ্ধতা দূরীকরণ এবং নিরাপদ ও টেকসই ঢাকা বিনির্মাণে চলমান কার্যক্রম পর্যালোচনা করা হয়। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতিও সভায় তুলে ধরা হয়।

সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালামসহ মন্ত্রণালয় ও দুই সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি