সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল | Daily AjKaler Kontho

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল


মোঃ আরাফাত আলী প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

দেশে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম নতুন করে বাড়ানো হয়েছে। প্রতিটি জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২১ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা থেকে নতুন মূল্য কার্যকর হবে।

নতুন নির্ধারিত দামে প্রতি লিটার ডিজেল বিক্রি হবে ১৩৫ টাকায়। একইভাবে অকটেনের দাম ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় বিক্রি হচ্ছিল।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য নির্ধারণের তথ্য জানানো হয়।

জ্বালানি বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাব দেশে সরাসরি সমন্বয় না করায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

বিভাগের তথ্য অনুযায়ী, মার্চ থেকে আগস্ট পর্যন্ত আন্তর্জাতিক বাজারের মূল্যবৃদ্ধির কারণে বিপিসির প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে।

চলতি বছরের এপ্রিলেও দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা এবং অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম যথাক্রমে ২০, ১৯ ও ১৮ টাকা বাড়ানো হয়েছিল।

নতুন দাম কার্যকর হওয়ার পর পরিবহন, কৃষি, শিল্প ও অন্যান্য খাতে জ্বালানি ব্যয়ের ওপর এর প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আজকালের কন্ঠ/আর বি