
কুমিল্লা দেবিদ্বারে সরকার ঘোষিত দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা প্রশাসন ও দেবিদ্বার পৌরসভার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। ‘সচেতন থাকুন, ডেঙ্গু প্রতিরোধ করুন’—এ স্লোগানে উপজেলা পরিষদ হলরুমের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে দেবিদ্বার পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পৌরসভার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সচেতন নাগরিকরা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
র্যালি শেষে আলোচনা সভায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়সল উদ্দিন, দেবিদ্বার পৌর বিএনপির সদস্য সচিব মো. আনোয়ার হোসেন (পাঠান ভুলু), কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও সচেতন নাগরিকরা।
এদিকে, ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এর অংশ হিসেবে দেবিদ্বার উপজেলা ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে মশা নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে প্রশাসন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যাতে পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ করা সম্ভব বলেও বক্তারা উল্লেখ করেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :